
দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা।
শুক্রবার (৩০ অক্টোবর) সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করে বাজুস। সকাল ১০টা থেকে এ দাম কার্যকর হয়েছে। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা। প্রতি ভরি স্বর্ণের ওজন ১১ দশমিক ৬৬৪ গ্রাম।
এর আগে ২৯ অক্টোবর ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা বাড়িয়ে ২ লাখ ২৪ হাজার ৭০৭ টাকা নির্ধারণ করেছিল বাজুস।
অলঙ্কার কেনাবেচার ক্ষেত্রে বাজুস জানিয়েছে, নকশা অনুযায়ী মজুরি নির্ধারিত হবে। বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতার কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। পুরোনো অলঙ্কার বদলের ক্ষেত্রে মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে ১২ শতাংশ এবং পুরোনো স্বর্ণ বিক্রির ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দিতে হবে।
এদিকে, স্বর্ণের পাশাপাশি কমেছে রুপার দামও। ভরিতে ১৭৫ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৬৭৪ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৪৯৯ টাকা, ১৮ ক্যারেটের ৩ হাজার ৩৩ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ২ হাজার ২৭৪ টাকা।
বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ১২৯ দফা স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৬২ দফা দাম বেড়েছে, ৬৬ দফা কমেছে এবং এক দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে। অন্যদিকে, রুপার দাম সমন্বয় করা হয়েছে ৭৭ দফা; এর মধ্যে ৩৬ দফা বেড়েছে এবং ৪১ দফা কমেছে।